বগুড়ার সোনাতলায় শয়ন ঘরের ওপর উপড়ে পড়লো শতবর্ষী গাছ, অল্পের জন্য ১০ জনের প্রাণে রক্ষা

বগুড়ার সোনাতলায় শয়ন ঘরের ওপর উপড়ে পড়লো শতবর্ষী গাছ, অল্পের জন্য ১০ জনের প্রাণে রক্ষা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় গতকাল শনিবার দিবাগত রাতে ঘুর্ণিঝড় ও কালবৈশাখী ঝড়ে উপজেলার পাকুল্যা ইউনিয়নের হুয়াকুয়া বাজারে শতবর্ষী একটি বটগাছ কয়েকটি বসতবাড়ির শয়ন ঘরের ওপর পড়ে নারী-পুরুষ ও শিশুসহ ১০ জন গুরুতর আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

ওই দিন রাতে সংশ্লিষ্ট এলাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকস্মিক ঘুর্ণিঝড় ও কালবৈশাখী ঝড় আঘাত হানে। এ সময় প্রচন্ড বাতাসের তোড়ে ওই হাটের মধ্যে থাকা শতবর্ষী একটি বটগাছ কয়েকটি বসতবাড়ির ওপর পড়ে। এসময় ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে।

এতে করে ওই গ্রামের হবিবর রহমানের ছেলে ফুলমিয়া সরকার (৪৫), ফুলমিয়া সরকারের ছেলে রায়হান মিয়া (৩২), রাজু সরকার (২৫), মজিবর রহমানের স্ত্রী আমেনা বেগম (৪৫), কলিম উদ্দিন আকন্দের ছেলে সানাউল ইসলাম (৪২), লতিফ সরকারের ছেলে আফসার সরকার (৫৫) গুরুতর আহত হন। বটগাছটি বসতবাড়ির ওপর পড়ায় বেশ কয়েকটি শয়ন ঘর ভেঙে চুরমার ও লন্ডভন্ড হয়ে যায়। এতে করে ওই পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম বলেন, ভুক্তভোগী পরিবারের সদস্যদের মাঝে খাদ্য, বস্ত্র ও ঘর মেরামতের জন্য সরকারি সহযোগিতা প্রয়োজন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক বলেন, ভুক্তভোগীদের জন্য খুব অল্প সময়ের মধ্যে সরকারি সহযোগিতা করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169380