নওগাঁয় ভরা মৌসুমে বাড়ল চালের দাম

নওগাঁয় ভরা মৌসুমে বাড়ল চালের দাম

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা ধান-চাল উৎপাদনে বরাবরই সমৃদ্ধ। বর্তমানে এ জেলায় চলছে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে বেশির ভাগই ধান ক্ষেত থেকে কৃষকের ঘরে উঠে গেছে। হাট-বাজারে রয়েছে পর্যাপ্ত ধানের সরবরাহ। বোরো ধানের এ ভরা মৌসুমে স্বাভাবিকভাবেই চালের দাম নিম্নমুখী হওয়ায় কথা থাকলেও গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে কেজিতে ২ থেকে ৩ টাকা করে চালের দাম বৃদ্ধি পেয়েছে।

ব্যবসায়ীরা জানান, বাজারে নতুন চালের সরবরাহ কম। এছাড়া হাট-বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে চালের দাম। এদিকে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির পিছনে সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন ভোক্তারা। তাদের দাবি বাজার নিয়ন্ত্রণে চালকলগুলোতে মজুতবিরোধী অভিযানের পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিংয়ের ব্যবস্থা।

শহরের পৌর ক্ষুদ্র খুচরা চাল বাজারে বর্তমানে মানভেদে প্রতি কেজি স্বর্ণা-৫ চাল বিক্রি হচ্ছে ৪৮-৪৯ টাকায়। এক সপ্তাহ আগে এ চাল বিক্রি হয়েছে ৪৫-৪৬ টাকায়। প্রতি কেজি পুরাতন কাটারি (শটেজ) চাল বিক্রি হচ্ছে ৭৩-৭৫ টাকায়। এক সপ্তাহ আগে এ চাল বিক্রি হয়েছে ৭০-৭২ টাকা। প্রতি কেজি পুরাতন কাটারি (হাতছাটি) চাল বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৬৮ টাকায়। এছাড়াও জিরাশাইল আগের দামে ৭০-৭২ টাকায় বিক্রি হচ্ছে। ইকবাল হোসেন নামে এক ভোক্তা বলেন,  একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে যে বেতন পাই সেটা বাজার করতেই শেষ হয়ে যায়। গত সপ্তাহ থেকে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে। এতে আমাদের মতো সাধারণ ক্রেতাদের বিপাকে পড়তে হচ্ছে।

পৌর ক্ষুদ্র চাল বাজারের লক্ষ্মী চাল ভান্ডারের স্বত্বাধিকারী উত্তম সরকার বলেন, সরু জাতের কাটারি ও মোটা জাতের স্বর্ণা-৫ চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। পাইকারিতে বেশি দাম দিয়ে আমাদের কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এছাড়া বাজারে নতুন চালের সরবরাহ কম।

নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু ফসল নষ্ট হয়েছে এবং শুরুতে ধানের দাম কিছুটা নিম্নমুখী ছিল। এখন বাজারে ধানের দাম বেশি। এছাড়া সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। এজন্য পাইকারিতে চালের দাম প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169362