জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার জসিমউদ্দীন

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার জসিমউদ্দীন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন প্রধান আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি ২০২৫ সালের ১৯ আগস্ট থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গতকাল শনিবার (১৬ মে) রাতে মতলব কমিউনিটি সেন্টারে আয়োজিত যুব ও সুধী সমাবেশে দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তিনি। এসময় তিনি সহযোগী সদস্যের ফরম পূরণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মুবিন।

মতলব পৌরসভা জামায়াতের সেক্রেটারি কবির হোসেন দেওয়ান ও যুব বিভাগের সেক্রেটারি ইদ্রিস খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হারুন অর রশিদ ওসমানী, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ আব্দুর রশীদ পাটওয়ারী, পৌর জামায়াতের আমির মুহাম্মদ জসিম উদ্দিন প্রধান, সেক্রেটারি দেওয়ান কবির হোসেন, পেশাজীবী বিভাগের সভাপতি রেদওয়ান আহমেদ জাকির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শরীফ পাটওয়ারী।

যোগদান শেষে জসিমউদ্দীন প্রধান বলেন, ‌‘আল্লাহর আইন ও কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশ ও রাষ্ট্র পরিচালিত হোক—এই প্রত্যাশা থেকেই আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। আমি আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। জীবনে কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিলাম না। ভবিষ্যতেও ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণ করে চলতে চাই।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169351