মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
 
আজ রবিবার (১৭ মে) বেলা ২টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
​নিহত মোটরসাইকেল চালকের নাম শ্রীকান্ত মালাকার (২৫)। তিনি রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে।
 
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ঘটনাটি নিশ্চিত করেন।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কুলাউড়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মৌলভীবাজারগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক শ্রীকান্ত মালাকারের মৃত্যু হয়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
 
​ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে উপজেলার টেংরা ইউনিয়নের দেওয়ানদিঘির পাড় এলাকায় ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করে।
 
​এ বিষয়ে রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি বর্তমানে থানায় পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169342