নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত ৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে রেললাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের সাথে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছে খুলনাগামী রকেট (খুলনা মেইল) এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। এতে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে নীলফামারী-ডোমার ও চিলাহাটি রেল যোগাযোগ।
আজ রোববার (১৭ মে) সকাল সাড়ে ৮টায় নীলফামারীর খয়রাতনগর রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। পরে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ সম্পন্ন করায় স্বাভাবিক হয় রেল যোগাযোগ।
নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মিঠুন রায় জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনামেইল রকেট এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮ টা ১৫ মিনিটে নীলফামারী স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে সকাল সাড়ে আটটায় খয়রাতনগর রেলস্টেশন অতিক্রম করে কিছু দূর যাওয়ার পরপরই ট্রেনটি ঝড়-বৃষ্টির কবলে পড়ে।
এসময় ঝড়ে একটি গাছ উপড়ে রেল লাইনের উপরে পড়ে, এতে গাছের ডালের সাথে ট্রেনের ইঞ্জিন ধাক্কা খেয়ে ইঞ্জিনের দুইটি চাকা লাইনচ্যুত হয়। এসময় সৈয়দপুর-নীলফামারী-ডোমার-চিলাহাটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
ফলে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা-সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর স্টেশন থেকে নীলফামারীর অভিমুখে প্রবেশ করতে না পারায় নীলফামারী-ডোমার-চিলাহাটি স্টেশনের যাত্রা বাতিল করে পরে সৈয়দপুর স্টেশন থেকে খুলনার পথে ছেড়ে যায়।
ইঞ্জিন লাইনচ্যুতের খবর পেয়ে বেলা ১১টায় পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ সম্পন্ন করায় বেলা ১টা থেকে স্বাভাবিক হয় সৈয়দপুর-নীলফামারী, ডোমার ও চিলাহাটি রেল যোগাযোগ। তিনি আরো জানান, দুর্ঘটনায় ইঞ্জিনের মূল্যবান বেশ কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169338