সোনারগাঁয়ে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ

‎নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের গঙ্গানগর এলাকার আব্দুর রব ও তার ছেলে জাহিদ হৃদয় (২৮) ও শুভর (২২) বিরুদ্ধে নুরুদ্দিন হাওলাদার (৩২) নামে এক ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার (১৭ মে) ভোর ৬টায় তিনদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

নিহত নুরুদ্দিন নিউটাউন আবাসিক এলাকার সোহেল মিয়ার বাড়ির নিচ তলার ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করে আসছিলেন। তিনি ভোলা জেলার সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, দের বছর আগে গঙ্গানগর এলাকার আব্দুর রবের বাড়ির ঠিকাদারি কাজ করেছিল আমার স্বামী। কাজ শেষ করে দেয়ার পর পাওনা টাকা পরিশোধ না করে উল্টো আরও কাজ করতে দীর্ঘদিন যাবত চাপ ও হুমকি দিয়ে আসছিলো আব্দুর রব ও তার দুই ছেলে হৃদয় ও শুভ।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত নুরুদ্দিনের ভাই মিজান রহমান বলেন, গত ১৪ মে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে করে আব্দুর রব ও তার দুই ছেলে জাহিদ হৃদয় ও শুভ এসে আমার ভাইকে বাড়ি থেকে ডেকে সামনের রাস্তায় তর্কাতর্কি করছিলো। হঠাৎ হৃদয়ের পকেটে থাকা সুইচ গিয়ার চাকু বের করে ৩টি আঘাত করে।

এর একটি বুকের বামপাশে লাগে। আমি ৭ তলা থেকে নেমে আসতে আসতে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৬ টায় আমার ভাই মারা যায়। নুরুদ্দিনের বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, নুরুদ্দিনের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র সাড়ে ৩ মাসের শিশু সন্তানকে নিয়ে নিহতের স্ত্রীর কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169336