নাটোরে চাচাতো ভাইদের লাঠির আঘাতে যুবকের মৃত্যু
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের লাঠির আঘাতে মো: মনির হোসেন(৩০) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল শনিবার রাত পৌনে আটটায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিন সকাল দশটায় উপজেলার কাশিয়ারবাড়ি ইয়ারপুর গ্রামে মারপিটের এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরে আলম ঘটনার বরাত দিয়ে জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে আপন চাচাতো ভাই মোহাম্মদ আলী ও মহিদুল ইসলামের সাথে দীর্ঘদিন মনির হোসেনের বিরোধ চলে আসছিল।
গতকাল শনিবার সকালে জমির আইল বাঁধা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বাঁধে। এতে মনির হোসেন গুরুতর আহত হলে তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169335