বাগেরহাটের ফকিরহাটে মামার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মারিয়া খাতুন (৮) বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের রেজাউল শেখের মেয়ে।
মৃতের স্বজনরা জানান, মারিয়া গত পাঁচ দিন আগে তার মামা রাকিবুল ইসলাম শেখের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন বেলা ১১টার দিকে সবার অজান্তে সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আমিন উদ্দিন জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে পানিতে ডুবে মারা গেছে।
ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে লাশটির প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169329