বনদস্যু করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ আটক ২, জিম্মি ৪ জেলে উদ্ধার
বাংলাদেশ কোস্ট গার্ড পরিচালিত বিশেষ অভিযানে সুন্দরবনের আলোচিত করিম শরীফ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় এবং জিম্মি থাকা চার জেলেকেও মুক্ত করা হয়েছে।
আজ রবিবার (১৭ মে) সকালে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনে সক্রিয় বনদস্যু চক্র নির্মূলে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চলমান রয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে সুন্দরবনের ঢাংমারী খালসংলগ্ন এলাকায় করিম শরীফ বাহিনীর আস্তানায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যু সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের একজন রাজন শরীফ, যিনি বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে পরিচিত। অন্যজন মো. রবিউল শেখ। তাদের কাছ থেকে একটি বিদেশি তৈরি একনলা বন্দুক, দুটি দেশীয় বন্দুক ও ২৪ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়েছে।
অভিযানের সময় দস্যু বাহিনীর হাতে অপহৃত চার জেলেকেও উদ্ধার করা হয়। জানা গেছে, তাদের মুক্তিপণের দাবিতে বনের ভেতরে আটকে রাখা হয়েছিল।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক রাজন শরীফ দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় ডাকাতি, জেলে ও বাওয়ালিদের অপহরণ এবং মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে।
আটক দস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে গত শুক্রবারও সুন্দরবনের গভীরে কোস্ট গার্ডের আরেক অভিযানে করিম শরীফ বাহিনীর তিন সদস্য আটক এবং চার জেলেকে উদ্ধার করা হয়েছিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169321