এক ফ্রেমে চাঙ্কি-চঞ্চল
দেশের জনপ্রি অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে বলিউডের সিনিয়র অভিনেতা চাঙ্কি পান্ডের হঠাৎ সাক্ষাৎ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায়। সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে চাঙ্কি পান্ডের সঙ্গে একটি সেলফি পোস্ট করেন চঞ্চল চৌধুরী। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘হঠাৎ দেখা…….!!! চাঙ্কি পান্ডে।’
ছবিটি দেখে ধারণা করা হচ্ছে, দুজনের এই দেখা হয়েছে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবির পেছনে থাকা গোথাম নিউজ স্টোর এবং আধুনিক টার্মিনালের সাজসজ্জা দেখে ধারণা করা হচ্ছে এটি নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে তোলা।
চাঙ্কি পান্ডে শুধু বলিউডেই নয়, বাংলা চলচ্চিত্রের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার মধ্যে ‘স্বামী কেন আসামী’ এবং ‘বেশ করেছি প্রেম করেছি’ বেশ জনপ্রিয়। এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন, বাংলা সংস্কৃতি ও ভাষার প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে। চাঙ্কি পান্ডে বর্তমানে নতুন করে আলোচনায় আছেন তার মেয়ে অনন্যা পান্ডের কারণে। বলিউডের জনপ্রিয় তরুণ অভিনেত্রী অনন্যা পান্ডে এখন ভারতের আলোচিত তারকাদের একজন। অনন্যা চাঙ্কি পান্ডে ও ভাবনা পান্ডের মেয়ে।