চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় কৃষক নিহত
চুয়াডাঙ্গার সদরে পিকআপের ধাক্কায় মোজাম হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে।
আজ রোববার (১৭ মে) ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পাঁচমাইল ভান্ডারদোহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদোহা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে নিজ বাড়ি থেকে পাঁচমাইল বাজারের উদ্দেশ্যে রওনা দেন মোজাম হোসেন। পথে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়ক পার হওয়ার সময় ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক পিকআপের চালক গাড়িসহ পালিয়ে যায় বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169291