দিনের বেলার ঈদের চাঁদের ছবি প্রকাশ আমিরাতের
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদের ছবি তোলা হয়েছে। দেশটিতে আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু এর আগেই আবুধাবির আকাশে স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে প্রযুক্তির ব্যবহার করে চাঁদের ছবি নেওয়া হয়।ছবিটি তুলেছে আল খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষক কেন্দ্র। এটি আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট।
সংস্থাটি জানিয়েছে, যখন ছবিটি তোলা হয় তখন চাঁদটির বয়স ছিল ৯ ঘণ্টা। আর এটি সূর্য থেকে ৭ দশমিক ৮ ডিগ্রি দূরে ছিল।
ছবিটি ক্যামেরাবন্দি করেছেন জ্যোতির্বিদ মোহাম্মদ শওকত ওদেহ। তাকে এতে সহায়তা করেছেন খালফান আল নুয়াইমি, ওসামা ঘান্নাম এবং আনাস মোহাম্মদ।এদিকে আমিরাতের সরকার আজ সন্ধ্যায় দেশের সবাইকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, খালি চোখে কেউ যদি চাঁদ দেখে থাকেন তাহলে তাদের যেন সঙ্গে সঙ্গে অবহিত করা হয়।
সূর্যাস্তের পর পূর্বগগনে অর্ধচন্দ্রের দেখা মিললে আগামী ২৭ মে আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হবে।
এর আগে জ্যোতির্বিদরা জানিয়েছিলেন, ১৭ মে জিলহজের চাঁদ দেখা যাবে। এতে ২৭ মে ঈদুল আজহার প্রথমদিন পড়বে।
জিলহজের দশম দিনে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালিত হয়ে থাকে। আজ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। ফলে সৌদি, আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনসহ আরব বিশ্বের সব দেশে ২৭ মে ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
সূত্র: গালফ নিউজ
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169285