সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন: নাহিদ ইসলাম

সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে, মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন হবে কিনা। বাংলাদেশের জনগণের ভোগান্তি দেখতে চায় না। কোনো পরাশক্তির কাছে দেশের বন্ধক রাখা দেখতে চায় না।

শনিবার (১৬ মে) রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবন মিলনায়তনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘তারুণ্যের ঐক্য: নতুন বাংলাদেশের শক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, মধ্যবর্তী নির্বাচন দরকার হতে পারে জানিয়ে নাহিদ বলেন, 'নির্বাচন হলে নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু আমরা দেখছি, এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতির কয়েকগুণ বেশি অবনতি ঘটেছে। আপনারা আপনাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেন।

এনসিপি আহ্বায়ক বলেন, সারাদেশে হামের প্রকোপ চলছে। চারশোর বেশি শিশু মারা গেছে। সরকারকে ব্যর্থতার দায় নিতে হবে। সরকার হাম মোকাবেলায় ব্যর্থ হয়েছে। অতিসত্বর মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করতে হবে। কয়েকটি হাসপাতালকে হামের জন্য বিশেষায়িত হাসপাতাল করতে হবে। সরকার এর-ওর ওপর দায় চাপিয়ে বাঁচতে চাচ্ছে। কারো দায় থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সংস্কার কার্যক্রমের সঙ্গে, জনগণের সঙ্গে বর্তমান সরকার বিশ্বাসঘাতকতা করেছে উল্লেখ করে নাহিদ বলেন, সরকার গণভোটের রায় প্রত্যাখ্যান করেছে। সব গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করেছে। যুবকদের জন্য দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। এক কোটি কর্মসংস্থানের কিছুই আমরা দেখতে পাচ্ছি না।

ফারাক্কা দিবসে মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, অভিন্ন প্রায় সবগুলো নদীতে বাঁধ নির্মাণ করে পানি প্রত্যাহার করছে ভারত। স্বাধীনতার পর থেকেই আমাদের পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে। এবছর গঙ্গা পানি বণ্টন চুক্তি শেষ হচ্ছে। আমরা নতুন চুক্তিতে আমাদের পানির ন্যায্য হিস্যা দেখতে চাই। আমরা দেখতে চাই, নতুন সরকার ভারতীয় আধিপত্যের বাইরে গিয়ে আমাদের পানির অধিকার নিশ্চিত করতে পারে কিনা। নাকি আওয়ামী লীগের মতো নতজানু চুক্তি করে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169263