বগুড়ায় বিধবার সম্পত্তি দখলের চেষ্টা নাবালক ছেলেদের নামেও মামলা, সংবাদ সম্মেলনে অভিযোগ
স্টাফ রিপোর্টার : বগুড়ার কাহালুতে এক প্রয়াত সফটওয়্যার ইঞ্জিনিয়ারের রেখে যাওয়া কোটি টাকার জমি ও খামার জবরদখল করতে একটি প্রভাবশালী চক্র মরিয়া হয়ে উঠেছে। খামারে বিষ দিয়ে মুরগি নিধন ও চুরির পর, উল্টো ভুক্তভোগী বিধবা নারী ও তার দুই নাবালক স্কুলপড়ুয়া সন্তানসহ চারজনের বিরুদ্ধে থানায় সাজানো চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। বর্তমানে ওই পরিবারের একমাত্র সাবালক ছেলে কারাগারে বন্দি।
আজ শনিবার (১৬ মে) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন কাহালুর বোলম্বর গ্রামের মৃত সোলায়মান আলীর স্ত্রী শাহানাজ পারভীন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালে তার স্বামী মারা যাওয়ার পর থেকেই প্রতিবেশী তৌহিদুল আলম মামুন ও শোয়াইব তাদের পৈতৃক গরুর খামার, মুরগির খামার ও পুকুর নামমাত্র মূল্যে লিখে দিতে চাপ দিচ্ছিল।
এতে রাজি না হওয়ায় তারা মাস্তান দিয়ে এলাকায় মহড়া ও প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিতে থাকে। একপর্যায়ে চক্রটি খামারে বিষ প্রয়োগ করে প্রায় দুই হাজার মুরগি মেরে ফেলে এবং পানির পাম্প ও মূল্যবান গরু চুরি করে লাখ লাখ টাকার ক্ষতিসাধন করে। ভুক্তভোগী নারী অভিযোগ করেন, গত ২ এপ্রিল রাতে বিবাদিদের কেয়ারটেকার লাল মিয়াকে তাদের খামারে চুরি করার সময় একটি ধারালো হাসুয়াসহ হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে বিবাদিরা স্থানীয়ভাবে সালিসের কথা বলে কৌশলে তাকে ছাড়িয়ে নেয়।
এরপর চুরির ঘটনা ধামাচাপা দিতে ও জমি থেকে উচ্ছেদ করতে গত ৪ এপ্রিল কাহালু থানায় শাহানাজ ও তার তিন ছেলের নামে একটি মিথ্যা চাঁদাবাজির অভিযোগে মামলা দেয়। এই মামলায় বড় ছেলে তুহিন (২২) বর্তমানে জেলে আছেন এবং বাকি দুই নাবালক ছেলে (১৪ ও ১১ বছর) আদালত থেকে জামিনে রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাহানাজ পারভীন বলেন, গত ১৩ এপ্রিল এই মামলার বিষয়ে কথা বলতে গেলে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একজন ভুক্তভোগী নারীর প্রতি সহমর্মিতা দেখানো তো দূরের কথা, উল্টো অত্যন্ত অশালীন ও আপত্তিকর ভাষায় গালিগালাজ করে তাকে থানা থেকে তাড়িয়ে দেন।
শাহানাজ তিনটি সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে তিনি নিজের ও সন্তানদের জানমাল রক্ষা এবং এই হয়রানি থেকে বাঁচতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যৌথবাহিনী, র্যাব ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169231