জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্থানীয় বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ শনিবার (১৬ মে) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিন্ন্যাফৈর নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিন্ন্যাফৈর নতুন বাজারে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যক্রম পরিচালনার জন্য দলীয় সিদ্ধান্তে একটি কার্যালয় খোলা হয়েছিল। চলতি বোরো মৌসুমে ধান কাটার ব্যস্ততার কারণে তিনদিন ধরে অফিসটি তালাবদ্ধ ছিল।
শনিবার সকালে সুলতান ভূঁইয়া নামে এক ব্যক্তি ওই বাজারের একটি ফার্মেসিতে ওষুধ নিতে এসে দেখেন অফিস ঘরের বাইরের তালা খোলা। সন্দেহ হলে তিনি এগিয়ে গিয়ে দেখতে পান অফিসের ভেতরে থাকা ব্যানার, ফেস্টুন ও টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
পরবর্তীতে বিষয়টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169148