যুদ্ধবিরতির মধ্যে ইউক্রেনের হামলায় রাশিয়ায় নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে গত ৯ থেকে ১১ মে পর্যন্ত যুদ্ধবিরতি চলাকালে রাশিয়ায় ইউক্রেনের হামলায় চার বেসামরিক নাগরিক নিহত ও ৪৭ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে এ তথ্য জানিয়েছেন কিয়েভে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রোদিয়ন মিরোশ্নিক।
গত শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে (৯-১১ মে) যুদ্ধবিরতি চলাকালে চার বেসামরিক নাগরিক নিহত ও ৪৭জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার তেল শিল্প ও সামরিক উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালানো ‘পুরোপুরি ন্যায্য’, কারণ মস্কোর হামলায় কিয়েভের একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। জেলেনস্কি সতর্ক করে বলেন, রাশিয়ার এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে। তিনি জানান, দীর্ঘপাল্লার হামলা নিয়ে তিনি সেনাবাহিনী, নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।
গত বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর দারনিতস্কি জেলায় নয়তলা একটি আবাসিক ভবনে রুশ হামলায় তিন শিশুসহ প্রায় দুইজন মানুষ নিহত হন। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, এই হামলাটি ছিল চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে ইউক্রেনের ওপর রাশিয়ার সবচেয়ে বড় আকাশপথের হামলা। এ ঘটনায় গত শুক্রবার কিয়েভে শোক দিবস পালন করা হয়। জেলেনস্কি আরও বলেন, তিনি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ার ‘বেলারুশকে আরও গভীরভাবে যুদ্ধে জড়ানোর চেষ্টা’ নিয়েও আলোচনা করেছেন। তার দাবি, রাশিয়া ইউক্রেনের ২০টির বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে তার কার্যালয়, সরকারি বাসভবন, সরকারি ভবন এবং সামরিক কমান্ড পোস্টও রয়েছে।
এর জবাবে শুক্রবার ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে বড় পরিসরে দূরপাল্লার ড্রোন হামলা চালায়। রিয়াজান শহরে এক ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন বলে স্থানীয় গভর্নর জানান। ইউক্রেনীয় ড্রোন দেশটির অন্যতম বড় তেল শোধনাগারেও আঘাত হানে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169139