একে একে মারা গেলেন নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ একই পরিবারের পাঁচজন

একে একে মারা গেলেন নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ একই পরিবারের পাঁচজন

মফস্বল ডেস্ক :  নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পটুয়াখালীর বাউফলের মীর কালামের পরিবারের পাঁচ সদস্য। আজ শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া গ্রামে নিজ বাড়িতে তাদের দাফন করা হয়। এর আগে, স্থানীয় উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক মানুষের উপস্থিতিতে তাদের জানাজার নামাজ সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

জানা যায়, গত রোববার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী কালাম সবজির আড়তে যাওয়ার আগে খাবারের তরকারি গরম করতে যান স্ত্রী সালমা বেগম। হঠাৎ বিকট শব্দে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাদের একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে শুরু হয় মৃত্যুর মিছিল। একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন সবাই। শেষ পর্যায়ে শুক্রবার (১৫ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গৃহবধূ সালমা (৩২)। এর আগে মঙ্গলবার পরিবারের প্রধান মীর কালাম (৩৫) মারা গেলে তার লাশ গ্রামের বাড়িতে সমাহিত করা হয়। বৃহস্পতিবার তার ছেলে মুন্না (১২) ও মেয়ে মুন্নি (৭) মারা যায়। বুধবার মৃত্যু হয় আরেক মেয়ে কথার (৪)। বর্তমানে কালামের কবরের পাশেই স্ত্রী ও তিন কন্যা ।  

পটুয়াখালী-(বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, একই পরিবারের সব মানুষের এমন মৃত্যু আমাদের জন্য বেদনার। ঘটনাটি শোনার পর থেকেই আমি সবসময় খোঁজ নিয়েছি। ডাক্তারের সঙ্গে কথা বলে জেনেছিলাম তাদের প্রত্যেকের শরীরের ৩৫-৪০ শতাংশ পুড়ে গেছে। সাধারণত এমন রোগী বাঁচানোটা একটু কষ্টকর হয়ে পড়ে। গতকাল তাদের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসতেও আমি সব ব্যবস্থা করেছি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169118