পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ জিয়ার স্বপ্ন ছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল ।
শুক্রবার (১৫ মে) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সোনাচান্দি এলাকায় নদীর বাঁধনির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের অভিন্ন নদীর প্রবহমানতা ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনা চলছে। আমরা একনেকে পদ্মা ব্যারেজের প্রকল্প পাস করে যেমন দৃষ্টান্ত স্থাপন করেছি, ঠিক তদ্রূপ আমরা অল্প দিনের ভিতরে আমাদের যে ফারাক্কা বাঁধ আছে, সেই ফারাক্কা চুক্তিও আমরা করব। আমার বিশ্বাস পর্যায়ক্রমে আমাদের যে অভিন্ন নদীগুলো আছে, সেই নদীগুলোও আমরা আমাদের সেই প্রবাহমান ফিরিয়ে আনার জন্য পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমরা আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে তারা এই সমস্যা সমাধানে এগিয়ে আসবে বলে আমরা প্রত্যাশা করি। এই নদীমাতৃক বাংলাদেশকে যদি আগামী দিনে বাঁচাতে হয়, তাহলে আসলে এই নদী-খাল-জলাশয় খনন, পুনঃখনন এবং এটা পুনরুদ্ধার করে আমাদের সেই নদীগুলোর সেই প্রবহমান যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশ কিন্তু মরুভূমি হয়ে যেতে পারে। এই এলাকায় পানির স্তর নিচে নেমে যাচ্ছে। আনন্দের বিষয় হচ্ছে আগে যারা নদী দখল করেছিল আজ সব মানুষ ঐক্যবদ্ধ হওয়ায় তারা এখন দখল ছেড়ে দিচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের ৫৪টি নদী হচ্ছে ভারতের সঙ্গে এবং তিনটি হচ্ছে মিয়ানমারের সঙ্গে। এরই মধ্যে পদ্মা নদীর ওপরে ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। পদ্মা ব্যারেজ নির্মাণ করলে আমরা ওই অঞ্চলে দক্ষিণাঞ্চলের প্রায় ২৪টি জেলা এবং ১৬৩টি উপজেলায় আমরা সেখানে নদীর প্রবহমান ধরে রাখতে পারব।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169093