পাবনার ভাঙ্গুড়ার দিনমজুর হাবিবুল্লাহ বাঁচতে চান
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় প্রত্যন্ত খানমরিচ ইউনিয়নের দুধবাড়িয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিন প্রাংয়ের ছেলে দিনমজুর হাবিবুল্লাহ প্রাং(৭০) বাঁচতে চান। এক সময় পরিবারের সবাইকে নিয়ে হাসি-খুশিতে থাকতো, সেই হাবিবুল্লাহর প্রতিটি নিঃশ্বাস কাটছে মৃত্যু ভয়ে, জীবন কাটছে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে।
খোঁজ-খবর নিয়ে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে স্ত্রী তাকমিনা খাতুন(৩৪) শিশু ছেলে তাহিদ হোসেন(৬মাস) আর আদরের মেয়ে বুলবুলি খাতুনকে(৬) রেখে পরপারে পারি জমিয়েছেন। স্ত্রীর মৃত্যুর পর আর নতুন করে বিয়ে করা সম্ভব হয়নি। পরবর্তীতে শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ। চিকিৎসকগণ জানিয়েছেন বিরল প্রকৃতির রোগের নাম ‘নিউরোফাইব্রমা’।
বিরল রোগে আক্রান্ত হওয়া দিনমজুর হাবিবুল্লাহকে কেউই কাজে নেয় না। পরিবারে সদস্যের পেটের ক্ষুধা আছে, কিন্তু তৃপ্তি মেটানোর সাধ্য নেই তার। কারণ, দশ বছর ধরে এভাবেই তিল তিল করে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। একদিকে নিজের রোগের যন্ত্রণা, অন্যদিকে সন্তানদের ভরন-পোষণ সব মিলে হাবিবুল্লাহর জীবন এখন থমকে গেছে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হাবিবুল্লাহ। দীর্ঘদিন চিকিৎসায় সহায়-সম্বল যা ছিল সব হারিয়ে সে এখন নিঃস্ব। তার শেষ সম্বল এখন বসতবাড়ি। বিশেষজ্ঞ চিকিৎসকদের বিশাল অংকের টাকা জোগাড় করা যেন আকাশকুসুম। বর্তমানে টাকার অভাবে এ বিরল রোগের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার দেখানো তার পক্ষে সম্ভব হচ্ছে না।
হাবিবুল্লাহর মাথা থেকে পা পর্যন্ত থলথলে মাংস পিন্ড’র গুটি গুলো দিনকে দিন বেড়েই চলছে। সচল দু’টি চোখের একটি মাংস পিন্ডের গুটিতে অচল হতে চলছে। হাবিবুল্লাহর বাঁচার আকুতি। আমাকে বাঁচান। আমার ছেলে-মেয়ের কি হবে? আমি ছাড়া ওদের আর কেউই নেই।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169069