চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

মফস্বল ডেস্ক : চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিল ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) সিএমপি কোতোয়ালী থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ মে) সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করেন। এ সময় তারা  ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে জড়ো হন বলে অভিযোগ পুলিশের।

পরে পুলিশ ধাওয়া দিলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা আশপাশের অলিগলি দিয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১৫টি ভাঙা ইটের টুকরা ও ৮টি কাঠের লাঠি জব্দ করা হয়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনকে যুবলীগের নেতা বলে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতার পরিকল্পনা, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতার অভিযোগ রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169039