ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভাইস চ্যান্সেলর ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।
বুধবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও ঢাকা শিমুলতলী আঞ্চলিক সড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখেন। শিক্ষার্থীরা ঢাকা শিমুলতলী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় শিক্ষার্থীরা ‘ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169003