বগুড়ার শাজাহানপুরের কৃতী সন্তান ড. মতিন ইসলামি বিশ্ববিদ্যালয়ের নয়া ভিসি

বগুড়ার শাজাহানপুরের কৃতী সন্তান ড. মতিন ইসলামি বিশ্ববিদ্যালয়ের নয়া ভিসি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার কৃতী সন্তান প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। তিনি শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি মন্ডলপাড়া গ্রামের প্রয়াত হবিবর রহমান নগরীর ছেলে। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে ৩৭.০০.০০০০.০৭৯.১১.০৬২.২৪-২০৩ নং স্মারকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে চার বছরের জন্য ভিসি পদে নিয়োগ প্রদান করা হয়। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০-এর ধারা ১০ (১) অনুযায়ী প্রফেসর ড. একেএম মতিনুর রহমানকে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রফেসর ড. মতিন শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চোপীনগর উচ্চ বিদ্যালয় এবং বগুড়া সরকারি আযিযুল হক কলেজে লেখাপড়া করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং পর্যায়ক্রমে সামাজিক বিজ্ঞান অনুষদের প্রক্টর, ডিন ও শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)’র কার্যনির্বাহী সদস্য। সর্বশেষ তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি অষ্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। তার লেখা ৩৪টি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168989