‘পুলিশ সপ্তাহ ২০২৬’এর শেষ দিনে মুগ্ধতা ছড়ালেন তারা

‘পুলিশ সপ্তাহ ২০২৬’এর শেষ দিনে মুগ্ধতা ছড়ালেন তারা

অভি মঈনুদ্দীন ঃ ‘আামার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে গত ১০ থেকে ১৩ মে ২০২৬ পর্যন্ত ঢাকায় চার দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উদযাপিত হয়েছে। ১০ মে রাজারবাগ পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৩ মে ছিলো এই পুলিশ সপ্তাহের শেষ দিন। শেষদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী, সঙ্গীত প্রশিক্ষক ও সঙ্গীত পরিচালত ফেরদৌস আরা, জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান ও সমাজসেবিকা, উপস্থাপিকা, শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার। একটি দলীয় নৃত্য পরিবেশন শেষে মঞ্চে উঠে আসেন দিঠি আনোয়ার। তিনি একে একে উপস্থিত সবাইকে গেয়ে শোনান ‘শুধু গান গেয়ে পরিচয়’,‘ ও আমার রসিয়া বন্ধুরে’ ও ‘আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার’ গানগুলো। দিঠির কন্ঠে তার বাবার লেখা এই গানগুলো প্রবল আগ্রহ নিয়ে শোনেন সবাই। এর পরপরই মঞ্চে উঠেন ফেরদৌস আরা। তিনি একে একে একে গেয়ে শোনান ‘আমার নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান’,‘ লাইলী তোমার এসেছে ফিরিয়া’,‘ শাওনও রাতে যদি’ ও ‘ছায়া হয়ে তবুও পাশে রইবো’ গানগুলো। ফেরদৌস আরার কন্ঠে এই গানগুলোও উপস্থিত সবার মাঝে এক অন্যরকম ভালোলাগার সৃষ্টি করে। এরপর অনুষ্ঠানের সর্বশেষ সঙ্গীতশিল্পী হিসেবে মঞ্চে উঠেন মনির খান।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী একে একে গেয়ে শোনান ‘খরকুঠার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো’,‘ চিঠি লিখেছে বউ আমার’ ও ‘প্রেমের তাজমহল’ গানগুলো। মনির খানের গান উপভোগের মধ্যদিয়েই শেষ হয় পুলিশ সপ্তাহের সাংস্কৃতিক পর্ব।

ফেরদৌস আরা বলেন,‘ এই ধরনের আয়োজনে সঙ্গীত পরিবেশন করতে ভীষণ ভালোলাগে। কারণ শ্রোতারা প্রবল আগ্রহ নিয়ে গান শোনেন। ভীষণ সম্মানীত বোধ করি এমন আয়োজনে গান গাইতে। ধন্যবাদ আয়োজকদের প্রতি আমাকে এই আয়োজনে আমন্ত্রিত শিল্পী হিসেবে সম্পৃক্ত রাখার জন্য।

মনির খান বলেন,‘ ১৭ বছর পর পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে গান গাইলাম তাই ভীষণ ভালোলাগলো। আশা করছি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। শিল্পী হিসেবে আজীবন মঞ্চে গান গেয়ে যেতে চাই। আর চাওয়ার কিছু নাই।’

দিঠি আনোয়ার বলেন,‘ প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে অনেক কষ্ট করে হলেও অনুষ্ঠানে নির্ধারিত সময়ে এসে পৌঁছেছিলাম। স্টেজ শোতে সাধারনত আমি আব্বুর লেখা গানগুলোই গেয়ে থাকি। কারণ আব্বুর লেখা গানগুলো এতো জনপ্রিয় যে গাওয়ার সময় শ্রোতা দর্শক লাইন টু লাইন উপভোগ করতে পারেন। ধন্যবাদ আয়োজকদের আমাকে অনুষ্ঠানে পারফর্মাও হিসেবে সম্পৃক্ত রাখার জন্য।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168987