মাওলানা ভাসানীর ধানের শীষ চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দলীয় প্রতীক ধানের শীষ চুরি হয়ে গেছে। বাংলাদেশের মানুষের কাছে বড় একটা অংশ জুড়ে রয়েছে কৃষি ব্যবস্থা। সেই কৃষি ব্যবস্থা থেকে চিন্তা করে মাওলানা ভাসানী তার দলের মার্কা রেখেছিলেন ধানের শীষ। সেই মার্কা চুরি হয়ে গিয়েছিল। মাওলানা ভাসানী এখন আছেন, নাম আছে, কিন্তু মার্কাটা চুরি হয়ে গিয়েছে।’
বুধবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার: সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে তিনি এ সব কথা বলেন। এনসিপির কৃষি সেল এই সেমিনার আয়োজন করে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মাওলানা ভাসানী কৃষক নির্ভর রাজনীতি বাংলাদেশে সূচনা করেছিলেন। যদি মাওলানা ভাসানী সেই ধানের শীষ মার্কাটা তার কাছে থাকতো, তাহলে আজ ধান পানির নিচে তলিয়ে যেত না। এখন বাস্তবের ধান পানির নিচে, কৃষক হাহাকার করছে। অথচ ধানের শীষ ক্ষমতায় আছে।’
কৃষি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, ‘যে ধান আমাদের রক্ষা করার কথা ছিল, সেই ধান এখন ব্যবসায়ী ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে। বগুড়ার মাঠ থেকে ধান গুলশানে চলে গেছে। কৃষকের পরিবর্তে এখন সিন্ডিকেটই লাভবান হচ্ছে।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168875