মধ্যরাতে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

মধ্যরাতে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫১ ব্যাচের এক ছাত্রীকে বহিরাগত যুবক কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।  

বুধবার (১৩ মে) রাত সোয়া ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকায় জড়ো হয় বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা । পরে তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি ক্যাম্পাসের মেয়েদের আবাসিক হলসমূহ সংলগ্ন সড়ক ও চৌরঙ্গী মোড় হয়ে প্রক্টরের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এতে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে বারবার নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তারা গত মঙ্গলবার রাতে ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে প্রক্টরিয়াল বডির দায়িত্বহীনতার অভিযোগ তুলে প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগ দাবি করেন। এসময়, তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরও পদত্যাগ দাবি করেছেন।

প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলনকারীরা বলেন, এই সময়ের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168869