বগুড়ার মহাস্থানে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিসহ দুইজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার : জেলা গোয়েন্দা শাখা বগুড়ার বিশেষ অভিযানে একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্র জানায়, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহারের তত্ত্বাবধানে এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ডিবির একটি টিম বগুড়ার শিবগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকায় কিছু ব্যক্তি মূল্যবান কষ্টি পাথরের তৈরি বিষ্ণুমূর্তি ভারতে পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও দু’জনকে গ্রেফতার করা হয়। এরপর তাদের হেফাজত থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৩০ কেজি ৭০০ গ্রাম।
গ্রেফতারকৃতরা হলো-শিবগঞ্জের গড়মহাস্থানের রফিকুল ইসলাম (৫৪) ও বগুড়া শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ার নাহিদুর রহমান (৩২)। আজ বুধবার (১৩ মে) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168844