ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব কর্মকর্তাকে খুঁটিতে বেঁধে মারধর, গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব কর্মকর্তাকে খুঁটিতে বেঁধে মারধর, গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছুটির দিনে দোকানে গিয়ে ভ্যাট নিবন্ধনের কাগজপত্র দেখতে চাওয়ায় সহকারী রাজস্ব কর্মকর্তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় তুহিন মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। তুহিন বাঞ্ছারামপুর উপজেলা সদরের ভিটি ঝগড়ারচর এলাকার বাসিন্দা।

এর আগে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের নবীনগর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা এ. এস. এম. সাইফুল ইসলাম বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত শনিবার (৯ মে) বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের ভ্যাট সংক্রান্ত কাগজপত্র দেখতে যান সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম।

এ সময় প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান তাকে ভুয়া কর্মকর্তা সন্দেহ করে পরিচয়পত্র দেখতে চান। সাইফুল ইসলাম নিজের ভিজিটিং কার্ড দেখালেও হাবিবুর রহমান ও তার সহযোগীরা তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। এ ঘটনায় সাইফুল ইসলামের হাত ভেঙে যায়।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন বলেন, ‘ভুক্তভোগী মামলা দায়েরের পর গতকাল রাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি তুহিন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামি হাবিবুর রহমানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168810