আল হিলালের সঙ্গে ড্রয়ে শিরোপা অপেক্ষা বাড়লো রোনালদোর
স্পোর্টস ডেস্ক : সৌদি আরবে বড় শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। রিয়াদের আল আওয়াল পার্কে স্থানীয় প্রতিদ্বন্দ্বী আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আল নাসর।
ম্যাচের প্রথমার্ধে মোহাম্মদ সিমাকানের করা একমাত্র গোলেই জয় পেতে যাচ্ছিল আল-নাসর। তবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোলরক্ষক বেন্তোর আত্মঘাতী গোলে সমতায় ফেরে হিলাল। গোলরক্ষকের ভুলে ঝুলে থাকলো আল নাসরের শিরোপা ভাগ্য। এই ড্রয়ের পরও ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল নাসর। তবে তাদের হাতে আর মাত্র একটি ম্যাচ বাকি। অন্যদিকে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের হাতে আছে আরও দুই ম্যাচ। শিরোপা জিততে হলে শেষ ম্যাচে দামাস এফসির বিপক্ষে জয়ের বিকল্প নেই আল-নাসরের। আর আল-হিলালকে নিজেদের দুই ম্যাচ জয়ের পাশাপাশি গোল ব্যবধানেও এগিয়ে যেতে হবে। একই সঙ্গে আশা করতে হবে রোনালদোর দলের পয়েন্ট হারানো নিয়ে।
পুরো ম্যাচজুড়েই নজরটা ছিল রোনালদোর দিকে। ২০২২-২৩ মৌসুমে সৌদি আরবে যোগ দেওয়ার পর এখনো লিগ শিরোপা জিততে পারেননি পর্তুগিজ কিংবদন্তি। ম্যাচ শেষে হতাশ রোনালদোকে নীরবে টানেল দিয়ে মাঠ ছাড়তে দেখা যায়। ম্যাচের শুরুতেই আল-হিলালকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন রোনালদোর সাবেক সতীর্থ করিম বেনজামা। যদিও তার দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন বেন্তো। প্রথমার্ধে দুই দলই একের পর এক আক্রমণ চালিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়। রোনালদো ও সাদিও মানে আল-নাসরের হয়ে গোলের চেষ্টা অব্যাহত রাখেন। অন্যদিকে ১৮ মিনিটে বেনজেমা হেডে বল জালে জড়ালেও সহকারী রেফারির অফসাইডের সিদ্ধান্তে গোল বাতিল হয়। দীর্ঘ ভিডিও সহকারী রেফারি পর্যালোচনার পরও সেই সিদ্ধান্ত বহাল থাকে।
৩৭ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে প্রথমবারের মতো জাল খুঁজে পান সিমাকান। তার জোরালো শটে এগিয়ে যায় আল নাসর। এর কিছুক্ষণ পরই দারুণ এক প্রচেষ্টা চালান রোনালদোর। কিন্তু দারুণ শটটি ঠেকিয়ে দেন আল হিলালের গোলরক্ষক ইয়াসিন বউনু। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পান কিংসলে কোম্যান। তবে একান্ত সুযোগে তার শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া ছিলেন রোনালদো। ৪৬ মিনিটে কোমানের কাটব্যাক থেকে পাওয়া সুযোগে তার শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়। ৮৫ মিনিটে সের্গেই মিলিঙ্কোভিচ-সাভিচ এর শট দারুণভাবে রুখে দেন বেন্তো। আল নাসর শিবিরও তখন শিরোপা উৎসবের জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে দীর্ঘ থ্রো-ইন ক্লিয়ার করতে গিয়ে সতীর্থ ইনিগো মার্তিনেজের সঙ্গে সংঘর্ষে বল নিজের জালেই জড়িয়ে ফেলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক।
আর তাতেই অবিশ্বাস্যভাবে ম্যাচ সমতায় চলে আসে আর দীর্ঘায়িত হয় সৌদি আরবে রোনালদোর মেজর শিরোপা স্বপ্ন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168743