বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন

করতোয়া ডেস্ক : ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (১২ মে) বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানান- টিএমএসএস নার্সিং কলেজ, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল : প্রতিষ্ঠানগুলোর আয়োজনে বগুড়ার ঠেঙ্গামারায় নার্সেস দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ফ্লোরেন্স নাইটিংগেলের জীবনী পাঠ, পুরস্কার বিতরণী ও সার্টিফিকেট প্রদানের আয়োজন করে। দিবসের শুরুতেই টিএনসি, টিএমসি’র ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে টিএমএসএস নার্সিং কলেজের অধ্যক্ষ রীতা রানী পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালক (স্বাস্থ্য) রাজশাহী বিভাগ ডা. হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন বগুড়া ডা. খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়ার উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র। আরও বক্তব্য রাখেন টিএমএসএসএর উপনির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, টিএমএসএস’র প্রধান নির্বাহী কর্মকর্তা (নির্বাহী সচিবালয়) গৌতম কুমার, টিএমএসএস পরিচালক (এইচআরএম এন্ড এডমিন) আতিকুর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ডেপুটি সিভিল সার্জন ডা. এসএমনূর-ই-শাদীদ, টিএমএসএস হেলথ সেক্টরের উপদেষ্টা রাবেয়া বেগম, ডোমেইন প্রধান ডা. এএইচএম আখতারুজ্জামান, ডা. অনুপ রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক নিলুফার ইয়াছমীন, টিএমসি ও আরসিএইচ এর নার্সিং সুপারিন্টেনডেন্ট তাহেরা বেগমসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বেস্ট স্টুডেন্ট, বেস্ট টিচার ও বেস্ট নার্সেস এ্যাওয়ার্ড ২০২৬ প্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপনী হয়।

এছাড়াও টিএমএসএস পরিচালিত জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট, টিএমএসএস নার্সিং ইন্সটিটিউট বীরগঞ্জ, দিনাজপুর, টিএমএসএস নার্সিং ইনস্টিটিউট, ঢাকা কর্তৃক নার্সেস দিবস উদ্যাপন করে।

জয়পুরহাট : জয়পুরহাটেও আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি পালন উপলক্ষ্যে জয়পুরহাট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক, জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের নার্সি ইন্সট্রাক্টর ইনচার্জ আকলিমা খাতুন, নার্সি ইন্সট্রাক্টর আয়েশা ছিদ্দিকা, কছিমন নেছা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মাহবুবা খাতুন, জেলা নার্স অ্যাসোসিয়েশন সভাপতি শাহানারা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168718