বগুড়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

বগুড়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

স্টাফ রিপোর্টার: ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৮টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট ও মিড ওয়াইফারির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

পরে দুপুর ১২টার দিকে হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক প্রকল্প পরিচালক ও অধ্যক্ষ অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিহার্য। একজন রোগী যখন হাসপাতালে আসেন, তখন ডাক্তারের পরামর্শের পাশাপাশি নার্সের সেবা তাকে দ্রুত সুস্থ করে তোলে। আধুনিক স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করতে নার্সদের পেশাগত দক্ষতার পাশাপাশি সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বগুড়া বিএমএ’র আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ এবং সদস্য সচিব সহকারী অধ্যাপক ডা. আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম ও ডা: সাইফুর রহমান শাহিন।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক মোছা. আনোয়ারা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে হাসপাতালের নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে নার্সিং ইনস্টিটিউটেও পৃথক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168710