টিকটক করা সেই ছাত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

টিকটক করা সেই ছাত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মসজিদে স্কুল ড্রেস পরে টিকটক ভিডিও ধারণের ঘটনায় বহিষ্কৃত এক নবম শ্রেণির ছাত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান।

জানা যায়, দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সিনথিয়া আক্তার শান্তা কয়েকদিন আগে দেওয়ানগঞ্জ মডেল মসজিদে স্কুল ড্রেস পরে টিকটক ভিডিও ধারণ করেন। পরে গত ৯ মে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীর এমন কর্মকাণ্ড বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং তা বিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

তবে শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই মনে করেন, বহিষ্কারের পরিবর্তে অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যেত।

পরে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে তার অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে নিয়ে আলোচনা করেন। আলোচনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান বলেন, শিক্ষার্থীর ভবিষ্যতের বিষয়টি বিবেচনা করে এবং ইউএনও মহোদয়ের পরামর্শে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, একজন শিক্ষার্থীর ভুলের জন্য তার শিক্ষাজীবন নষ্ট হোক, সেটা আমরা চাই না। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে বিষয়ে শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168670