চট্টগ্রামে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

চট্টগ্রামে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

চট্টগ্রামে গুলি করে এক যুবককে হত্যা এবং রেশমি (১১) নামে এক শিশুকে আহত করার ঘটনার প্রধান আসামিসহ ছয়জনকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ শিশু রেশমি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

আজ মঙ্গলবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে এক সংবাদ সম্মেলনে আসামিদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপ-কমিশনার মো. আমিরুল ইসলাম। 

গ্রেপ্তাররা হলেন, সৈয়দুল করিম (২৭), মো. আব্দুল মান্নান (৩৭), মো. ইউনুছ মিয়া (২৪), মো. আয়াতুল্লাহ আলী আদনান (২১), মো. আবু বক্কর ছিদ্দিক প্রকাশ খোকন (৪৮) এবং আজগর আলী (৩৯)। 

সিএমপি উত্তর জোনের উপ-কমিশনার মো. আমিরুল ইসলাম বলেন, ‘বায়েজিদে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে সৈয়দুল  করিমকে কক্সবাজারের সুগন্ধা সি-বিচ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ঘটনাস্থলে পরিহিত পোশাক উদ্ধার করা হয়।

এছাড়া আসামিদের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। পরে ওই অটোরিকশা চালক আব্দুল মান্নানকে একই দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ডবলমুরিং থানা এলাকা থেকে, ইউনুচ মিয়া ও আলী আদনানকে নগরের রৌফাবাদ ব্রিজ এলাকা থেকে, আবু বক্কর ছিদ্দিক ও আজগর আলীকে সোমবার দিবাগত রাত ১টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ৭ মে রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকার বাঁশবাড়িয়া বিহারি কলোনিতে গুলিবিদ্ধ হয় রেশমি। একই ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে হাসান রাজু (২৪) নামে এক যুবক নিহত হন। পাঁচ-ছয়জন যুবক মুখে মাস্ক পরে এসে রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজুকে লক্ষ্য করে ছোড়া গুলিতে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয় শিশু রেশমি। এদিকে নিহত হাসানের মা সখিনা বেগম ৯ মে বায়েজিদ থানায় মামলা করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168665