যেকোনো আগ্রাসনের জবাবে ‘উচিত শিক্ষা’ দিতে ইরান প্রস্তুত
আন্তর্জাতিক ডেস্ক: যেকোনো আগ্রাসনের জবাবে ‘উচিত শিক্ষা’ দিতে ইরানের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর এ হুঁশয়ারি দিলেন গালিবাফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের জবাব দিতে এবং আক্রমণকারীদের শিক্ষা দিতে প্রস্তুত। ভুল কৌশল ও ভুল সিদ্ধান্তের ফল সবসময়ই খারাপ হয় — বিশ্ব ইতোমধ্যেই তা বুঝতে পেরেছে।’এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বর্তমানে ‘টিকে থাকার লড়াইয়ে’ আছে। তিনি যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের প্রতি তেহরানের প্রতিক্রিয়াকে ‘বোকামিপূর্ণ’ বলে আখ্যা দেন।
এর আগে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব পাকিস্তানের মধ্যস্থতায় পাঠায় ইরান। তবে ইরানের দেওয়া এ জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি মাত্রই ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়লাম। এটি আমার পছন্দ হয়নি— একেবারেই অগ্রহণযোগ্য।’এ ছাড়া ট্রাম্পের তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করার কথা রয়েছে। সেখানে যুদ্ধবিরতি ভেঙে গেলে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হতে পারে। গত কয়েক সপ্তাহের যুদ্ধবিরতির ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি হামলা অনেকটাই বন্ধ ছিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168584