যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির পরিস্থিতিকে ‘অত্যন্ত দুর্বল’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, শান্তি প্রক্রিয়াটি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে এবং এর টিকে থাকার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।
যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাবের জবাবে ইরান যে প্রস্তাব দিয়েছে, তাকে ‘নির্বোধের প্রস্তাব’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘এটি এমন একটি প্রস্তাব যা কেউ গ্রহণ করবে না।’
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ট্রাম্প বলেন, ইরান সামরিকভাবে পুরোপুরি পরাজিত হয়েছে এবং দেশটি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না।
ট্রাম্পের অভিযোগ, ইরান আগে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে রাজি হলেও পরে লিখিত প্রস্তাবে সেই অবস্থান থেকে সরে এসেছে। তিনি ইরানি নেতাদের ‘পাগল’ বলেও মন্তব্য করেন।
এছাড়া উপসাগরীয় দেশগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘বড় কৌশলগত ভুল’ উল্লেখ করে ট্রাম্প বলেন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত বা বাহরাইন-এ হামলার আশঙ্কা কেউ করেনি। তবে যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে তেল-গ্যাসের দাম দ্রুত কমে আসবে বলেও আশ্বাস দেন তিনি।
যুদ্ধবিরতির অবস্থা নাজুক হলেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনও রয়েছে বলে মনে করেন ট্রাম্প। তার ভাষায়, ‘আমি কয়েকবার চুক্তির খুব কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু তারা প্রতিবারই মত বদলে ফেলেছে।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168571