গুম-খুন, বিচারবহির্ভূত হত্যার অবসান চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন, বিচারবহির্ভূত হত্যার অবসান চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকার আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম-এ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিশেষ সম্মেলনে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, নিরাপদ সমাজ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে পেশাদার পুলিশ বাহিনীর বিকল্প নেই।

তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের নিরাপত্তা নিশ্চিতে দক্ষ, সৎ ও জবাবদিহিমূলক পুলিশ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ১৯ দফা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-র ‘ভিশন ২০৩০’-এর ধারাবাহিকতায় সরকার ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে বলেও জানান তিনি।

গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করাকে সরকারের অগ্রাধিকার উল্লেখ করে মন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের দাবি-দাওয়া সরকারের সামর্থ্য অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়ে বাহিনীর পারফরম্যান্স আরও বাড়ানোর আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নাসিমুল গনিমনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মোসলেহ উদ্দিন আহমদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মো. আলী হোসেন ফকির

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168570