কাঞ্চন ভাইয়ের এই দুঃসংবাদ শুনতে হবে ভাবতে পারিনি: চম্পা
এটা অনেক দুঃখজনক। কখনোই ভাবতে পারিনি যে কাঞ্চন ভাইয়ের এই দুঃসংবাদ এত তাড়াতাড়ি শুনতে হবে। এটা মেনে নেওয়া যায় না। কারণ কাঞ্চন ভাইয়ের সাথে কাজ করা কালীন অনেকগুলো বড় বড় দুর্ঘটনা ঘটে গছে। সেগুলোকে উনি কাটিয়ে উঠে যুদ্ধ করে সামনের দিকে এগিয়ে গেছেন। তার মতো মানুষ এত দ্রুত এভাবে শয্যাশায়ী হবেন ভাবা যায় না আসলে।’
সম্প্রতি একটা অ্যাওয়ার্ড শোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে সময় ইলিয়াস কাঞ্চনের অসুস্থতা নিয়ে এমন মন্তব্য করেছেন অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা।
ইলিয়াস কাঞ্চনের অসংখ্য হিট সিনেমার নায়িকা চম্পা। দুজনের মধ্যে সম্পর্কটাও পারিবারিক। কাঞ্চনের অসুস্থতা নিয়ে জানতে চাইলে চম্পা বলেন, ‘উনি শুটিংয়ের সময় অনেক উঁচু পাহাড় থেকে পড়ে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকেও কিন্তু উনি ফিরে এসেছেন। উনি আমাদের সবার সামনে পথপ্রদর্শক হিসেবে ছিলেন। অনেক ভালো কাজ উপহার দিয়েছেন। দেশের জন্য কাজ করছিলেন।’
ধর্মপরায়ণ ইলিয়াস কাঞ্চনের প্রশংসা করে অভিনেত্রী জানান, ‘কাঞ্চন ভাই নিয়মিত ধর্মপালন করতেন। আমার সঙ্গে দেখা হলেই বলতো, ‘তুমি নামাজ পড়ো। তুমি এটা পড়বে ওটা পড়বে।’ অনেক কিছু শেখা তার কাছ থেকে। সেই কাঞ্চন ভাইয়ের অসুস্থতার খবর শুনতে আমি প্রস্তুত ছিলাম না। আল্লাহর কাছে অনেক দোয়া করেছি। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।’
এদিকে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে প্রায় সাত মাস ধরে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন। উন্নত চিকিৎসার জন্য ছয় মাস ধরে তিনি লন্ডনে অবস্থান করছেন। সেখানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চলছে চিকিৎসা। ২০১৮ সালে তিনি একুশে পদক পান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।