ইরানের ইউরেনিয়াম দখল করতে দেশটির ভিতরে যেতে হবে : নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত ইরানের মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া না হয়। এমনটাই মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার (১০ মে) সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। কারণ ইরানের কাছে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা সরিয়ে নিতে হবে। পাশাপাশি যেসব স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলছে, সেগুলোও ভেঙে ফেলতে হবে। ইউরেনিয়াম কীভাবে সরানো হবে-এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ভেতরে যেতে হবে এবং তা নিয়ে আসতে হবে। তিনি দাবি করেন, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও একই। নেতানিয়াহুর ভাষ্য, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে বলেছেন, আমি সেখানে যেতে চাই। তবে নেতানিয়াহুর এ বক্তব্য ট্রাম্পের প্রকাশ্য অবস্থানের সঙ্গে পুরোপুরি মিলছে না।
প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে দেশের ভেতরে ইরান যুদ্ধ শেষ করার জন্য বাড়তি চাপের মুখে রয়েছেন। তিনি বরাবরই বলে আসছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে। রোববার প্রচারিত আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান ‘সামরিকভাবে পরাজিত’ হয়েছে এবং যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো সময় ইউরেনিয়াম সরিয়ে নিতে পারবে। টেলিভিশন সাংবাদিক শ্যারিল অ্যাটকিসনের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা যখন চাই তখনই সেটা নিতে পারব। পুরো বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে।
তিনি আরও বলেন, ওই স্থানটি খুব ভালোভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কেউ সেখানে যাওয়ার চেষ্টা করলে আমরা জানতে পারব এবং সঙ্গে সঙ্গে হামলা চালাব। সিবিএসের প্রশ্নের জবাবে নেতানিয়াহু জানান, তিনি সামরিক পদক্ষেপের চেয়ে একটি সমঝোতাকেই বেশি গুরুত্ব দেন। তিনি বলেন, আমার মনে হয় এটি বাস্তবভাবে করা সম্ভব। এটা বড় কোনো সমস্যা নয়। যদি একটি চুক্তি হয় এবং আপনি ভেতরে গিয়ে তা সরিয়ে আনতে পারেন, তাহলে সেটিই হবে সবচেয়ে ভালো উপায়। তবে গোপনে রাখা ইউরেনিয়াম দখলে নিতে সামরিক অভিযান চালানো হতে পারে কি না-এমন প্রশ্নে তিনি সরাসরি কিছু বলতে চাননি।
নেতানিয়াহু বলেন, আমাদের সামরিক পরিকল্পনা বা সক্ষমতা নিয়ে আমি কিছু বলতে চাই না। ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, আমি এ বিষয়ে কোনো সময়সীমাও দিচ্ছি না। তবে এটুকু বলতে পারি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিশন। এছাড়া, যুদ্ধের আরও কিছু লক্ষ্য এখনো অর্জিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু বলেন, ইরান এখনো বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। তারা এখনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও আমরা তাদের সক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত করেছি, তবুও অনেক কিছু এখনো রয়ে গেছে এবং কাজ শেষ হয়নি। তথ্যসূত্র : আল আরাবিয়া
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168455