আগামী সপ্তাহেই বাজারে উঠবে দিনাজপুর বিরলের রসালো লিচু

আগামী সপ্তাহেই বাজারে উঠবে দিনাজপুর বিরলের রসালো লিচু

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: আগামী সপ্তাহেই বাজারে পাওয়া যাবে দিনাজপুরের বিরল উপজেলার রসালো লিচু। ইতোমধ্যে লিচু গাছে সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় উঁকি দিচ্ছে লাল ও গোলাপী আবরণে নজর কাড়া এসব আগাম জাতের মাদ্রাজি লিচুগুলো। তবে এবার মৌসুমের শুরু থেকেই বৈরি আবহাওয়ায় গাছগুলোতে লিচুর ফলন কম। অন্যদিকে লিচুর দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক, লিচু চাষিসহ বাগান মালিকরা।

জানা যায়, উপজেলায় আড়াই হাজার হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। যা থেকে প্রতিবছর উৎপাদন হয় প্রায় ১৫ হাজার মেট্রিক টন লিচু। এখানকার লিচুর জাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, মাদ্রাজি, বোম্বাই, বেদানা, চায়না-টু. চায়না থ্রী, হাড়িয়া ও কাঁঠালী জাতের লিচু।

উপজেলার ভান্ডারা ইউনিয়নের বালান্দোর গ্রামের লিচু চাষি মোস্তাফিজুর রহমান ও আফসারুল ইসলাম জানান, এবার গাছে গাছে মুকুল আসার সময় ঘুর্ণিঝড় এবং অতিমাত্রায় শীলাবৃষ্টি হওয়ায় লিচুর মুকুলের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে লিচু উৎপাদন খরচ। এখন যদি ভাল দাম পাওয়া না যায়, তাহলে আমাদের মত অনেক কৃষক, লিচু চাষি ও বাগান মালিকের অনেক ক্ষতি হয়ে যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, লিচুর ফলন বৃদ্ধির জন্য স্থানীয় কৃষি অফিস থেকে লিচু চাষি, কৃষক ও বাগান মালিকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। সেই সাথে লিচুর উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখতে নিয়মানুযায়ী কীটনাশক ও ওষুধ স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168425