বগুড়ার কাহালুতে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে ৩ জন গ্রেফতার, মাটি বহনের ২ টি ট্রাক জব্দ
কাহালু (বগুড়া) প্রতিনিধি : গত শনিবার গভীররাতে বগুড়ার কাহালুতে জমি থেকে মাটি কেটে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ২টি ট্রাক জব্দ এবং ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বীরকেদার পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম(৫০),একই ইউনিয়নের কাশিমালা গ্রামের সেকেন্দার আলীর ছেলে ট্রাক চালক শহিন (৩০) ও দুপচাঁচিয়া উপজেলার পূর্ব বড়াই গ্রামের ময়েজ সরকারের ছেলে শাহাদৎ সরকার (৩৬)।
জানা গেছে, পুলিশ ওই দিন রাত দেড়টার দিকে বীরকেদার পূর্বপাড়া গ্রামের পাশে জমি থেকে মাটি কেটে বিক্রির উদ্দেশ্যে দু’টি ট্রাকে করে অবৈধভাবে মাটি পরিবহনের সময় ট্রাক ২টি জব্দ করাসহ ওই ৩ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের সাথে থাকা দুই সহযোগী পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পুলিশ গ্রেফতারকৃতদের গতকাল রোববার আদালতে প্রেরণ করেছে।
এ বিষয়ে বীরকেদার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: সাইফুজ্জামান সাইফুল বাদি হয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১)ধারায় কাহালু থানায় গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168417