১৫ মে থেকে রাজশাহীতে আম সংগ্রহ শুরু
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে আগামী ১৫ মে থেকে গুটি আম সংগ্রহ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বাজারে আসবে বিভিন্ন জাতের আম। আজ রোববার (১০ মে) বেলা সাড়ে ৩টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলতি মৌসুমের আম সংগ্রহের সময়সূচির অংশ হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্যালেন্ডার ঘোষণা করেছে।
কৃষি বিভাগ জানিয়েছে, অপরিপক্ক আম বাজারজাত ঠেকাতে এবং আমের গুণগত মান ঠিক রাখতে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২২ মে থেকে গোপালভোগ, আগামী ২৫ মে থেকে রাণীপছন্দ ও লক্ষণভোগ, আগামী ৩০মে থেকে হিমসাগর ও খিরসাপাত সংগ্রহ করা যাবে।
এছাড়া, আগামী ১০ জুন থেকে বানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া, আগামী ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি বাজারজাত করা যাবে। বারি আম-৪ সংগ্রহ শুরু হবে আগামী ৫ জুলাই, আশ্বিনা আগামী ১০ জুলাই এবং গৌড়মতি আগামী ১৫ জুলাই থেকে সংগ্রহ করা যাবে। তবে কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর তথ্য মতে, চলতি মৌসুমে জেলায় ১৯ হাজার ৩৬২ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন। যার বাজারমূল্য প্রায় ৭৮০ কোটি টাকার বেশি। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ না করলে আমের স্বাদ ও মান ভালো থাকবে। এতে দেশি বাজারের পাশাপাশি রপ্তানিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
আম পরিবহণ, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক বিশেষ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন ও বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তারা।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই গাছ থেকে আম নামানো যাবে না। বাজারে অপরিপক্ক ও অনিরাপদ আম রোধে আমরা কঠোর অবস্থানে আছি। যদি প্রশাসনিক সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ আগে আম নামায় বা কৃত্রিমভাবে পাকানোর চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168392