ফাহাদ সোলায়মানের নিমন্ত্রণে যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ প্যারেড’-এ যাচ্ছেন তারা
অভি মঈনুদ্দীন ঃ ফাহাদ সোলায়মান, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এবার তারই প্রতিষ্ঠান ‘হিউমিনিটি এম্পাওয়ারম্যান্ট রাইটস ফাউণ্ডেশন’র ব্যানারে বাংলাদেশ সোসাইটির আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ১৭ মে জ্যাকসন হাইটস-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ প্যারেড’। ‘বাংলাদেশ প্যারেড’-এ অংশ নিতে এবার ফাহাদ সোলায়মানের নিমন্ত্রণে সেদিন প্যারেডে অংশগ্রহন করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী, নন্দিত জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান, জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল’সহ আরো বেশ কয়েকজন শিল্পী।
ফাহাদ সোলায়মান জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের আরো অনেক শিল্পীই এবারের ‘বাংলাদেশ প্যারেড’-এ অংশগ্রহন করবেন। ফাহাদ সোলায়মান বলেন,‘ আমি বাংলাদেশ প্যারেড-এর একজন প্রতিষ্ঠাতা সদস্য। আমার প্রতিষ্ঠান হিউমিনিটি এম্পাওয়ারম্যান্ট রাইটস ফাউণ্ডেশন-এই নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্যারেড করার সুযোগ পেলো। এ জন্য এর নেপথ্যে থাকা সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমরা চেষ্টা করছি এবারের বাংলাদেশ প্যারেডকে বিগত দিনের চেয়ে আরো বর্ণাঢ্যভাবে, আরো সুন্দরভাবে উদযাপন করা।
এরইমধ্যে আমার ছোট বোন রিচি ঢাকা থেকে এখানে নিউইয়র্কে এসে পৌঁছেছে। আগামী কয়েকদিনের মধ্যেই বাকীরা এসে পৌঁছাবেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক শিল্পীও এতে অংশগ্রহন করবেন।’
রিচি সোলায়মান বলেন,‘ গত বছরও আমি বাংলাদেশে প্যারেড অংশগ্রহন করেছিলাম। যথারীতি এ বছরও করছি। ঢাকা থেকেই আমি এই বাংলাদেশ প্যারেড-এর জন্য অনেক প্রস্তুতি নিয়ে নিউইয়র্কে আসি যাতে সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হয়। আন্তরিক ধন্যবাদ-কৃতজ্ঞতা চঞ্চল ভাই, সজল’সহ আরো যারা এবার বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত থাকছেন। যথারীতি কৃতজ্ঞতা যারা নিউইয়র্কে আছেন তাদের প্রতিও, কারণ তাদের অনেকেই এই আয়োজনে অংশগ্রহন করবেন। আশা করছি এবার আরো অনেক বেশি ভালো হবে বাংলাদেশ প্যারেড।’
এদিকে রিচিকে আগামী ঈদে নতুন কোনো নাটকে দেখা যাবেনা। তবে রিচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে না যেতে হলে কয়েকটি নতুন নাটকে তার কাজ করার সুযোগ ছিলো। চঞ্চল চৌধুরীকে আগামী ঈদে সকাল আহমেদ’সহ আরো বেশ কয়েকজন পরিচালকের নাটকে অভিনয়ে দেখা যাবে। গত ঈদে তাকে ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দেখা গেছে। দুটি সিনেমাতেই তিনি অভিনয়ে ছিলেন যথারীতি অনবদ্য। এদিকে আব্দুন নূর সজল দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় নতুন সিনেমা ‘দুজনে’তে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বিপরীতে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168386