যশোরে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে বিষপান করে হারুন (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
আজ রোববার (১০ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা যান তিনি।
হারুন কেশবপুর উপজেলার বিজয়নগর ইউনিয়নের কাশিমপুর এলাকার ইনছান আলীর ছেলে। এর আগে, গতকাল শনিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে শ্বশুরবাড়ি সদর উপজেলার চুড়ামনকাঠি এলাকার আব্দুলপুর গ্রামে বিষপান করেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে হারুন তার শ্বশুরবাড়ি চুড়ামনকাঠি এলাকার আব্দুলপুরে অবস্থান করছিলেন। এ সময় স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে বিষপান করেন তিনি। পরে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৭টার দিকে তিনি মারা যান।
যশোর জেনারেল হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168348