গোপালগঞ্জে ধর্ষণ মামলা দায়েরের ৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি পূর্বপাড়া গ্রামে এক শিশুকে (১০) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামিকে মামলা দায়েরের মাত্র চার ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৯ মে) রাত সোয়া ৩টায় অভিযুক্ত আসামি মোরসালিন শেখ ওরফে রাজুকে (২০) ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বিষয়টি পুলিশের নজরে আসার সঙ্গে সঙ্গে রাত সাড়ে ১১টায় এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি মামলা রুজু করা হয়। কাশিয়ানী থানায় মামলা নম্বর ১৪, তারিখ ০৯/০৫/২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় রুজু করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর থানার বনগ্রাম এলাকার বাসিন্দা ১০ বছর বয়সী শিশু গত ৩ মে কাশিয়ানী থানার নিজামকান্দি পূর্বপাড়ায় তার খালা জনি বেগমের বাড়িতে বেড়াতে আসে। একই এলাকার বাসিন্দা কালাম শেখের ছেলে মোরসালিন শেখ ওরফে রাজু ভিকটিমের খালার প্রতিবেশী হওয়ায় তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিছুর রহমানকে আসামি গ্রেপ্তারের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়।
পরে সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিছুর রহমান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ ও সাব ইন্সপেক্টর খায়রুল বাশারের পরিচালিত বিশেষ অভিযানে গভীর রাতে কেরানীগঞ্জ থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামি সীমান্ত এলাকায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে তা ব্যর্থ হয় বলেও তিনি জানান।