ফেনী সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

ফেনী সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

ফেনী সীমান্তে পুশইন, অবৈধ অতিক্রম ও চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার (১০ মে) সকালে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজিবি জানায়, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের (পুশইন) আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। এ লক্ষ্যে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে দিন-রাত ২৪ ঘণ্টা টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং সব বিওপি ও টহল দলকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজিবি আরও জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, পুশইন, চোরাচালান ও যেকোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল, বিশেষ অভিযান এবং গুরুত্বপূর্ণ ও সন্দেহভাজন পয়েন্টসমূহে নিবিড় পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

বিশেষ করে মাদকদ্রব্য, গবাদিপশু, ভারতীয় বিভিন্ন পণ্যসহ অন্যান্য চোরাচালান সামগ্রী পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সীমান্ত দিয়ে যেন কোনো ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান, টহল ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168341