নেত্রকোনায় নালা থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নেত্রকোনায় নালা থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে নিখোঁজ জামরুল (২৫) নামের এক হাঁস পালনকারী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার(১০) সকালে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে আতিকুর রহমান ভুঁইয়া একাডেমির পশ্চিম পাশে একটি নালা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার থেকে জামরুল নিখোঁজ ছিলেন। তিনি ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।

কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, স্থানীয় একটি বাড়ির নির্মাণকাজের জন্য মাটি কাটার ফলে সেখানে নালা তৈরি হয়। সেই নালায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে নিখোঁজ জামরুলের বাবাকে খবর দেওয়া হলে তিনি এসে লাশটি শনাক্ত করেন।

জামরুলের বাবা জানান, তার ছেলে মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং একই গ্রামের একটি হাঁসের খামারে হাঁস পালন করতেন।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168331