ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. মো. ইস্রাফীল শাহীন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. মো. ইস্রাফীল শাহীন

আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : নব-গঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মো. ইস্রাফীল শাহীন। সম্প্রতি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে নিয়োগ পাওয়ায় নিজ এলাকা পঞ্চগড়ের আটোয়ারীবাসী তথা শিক্ষাঙ্গণে আনন্দের আবহ বিরাজ করছে।

জানা যায়, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। তিনি তোড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ইব্রাহিম মিঞার (মিঠু চেয়ারম্যান খ্যাত) ছেলে। এছাড়াও বাংলাদেশ চিত্র জগতের প্রয়াত অভিনেতা আব্দুর রহমানের দৌহিত্র তিনি। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮০ সালে মাধ্যমিক এবং ১৯৮২ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।

পরে ১৯৮২-৮৩ শিক্ষবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ১৯৮৮ সালে স্নাতক ডিগ্রি এবং ১৯৯১ সালে ভারতের নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি) থেকে নাট্য পরিচালনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পারফরম্যান্স স্টাডিজে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে যোগদান করেন। গত বৃহস্পতিবার (৭ মে) ড. মো. ইস্রাফীলকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন শিক্ষা মন্ত্রণালয়।

এবিষয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপচার্য ড. মো. ইস্রাফীল বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর তিনি গত বৃহস্পতিবার যোগদান করেই লিয়াজোঁ অফিসরুম চালুসহ ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় প্রাথমিক কর্মকান্ড শুরু করেছেন। চলতি সেশন অর্থাৎ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কয়েকটি বিষয়ে শিক্ষাকার্যক্রম চালু করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বিষয়গুলো হলো- (১) জলবায়ু বিজ্ঞান ও ডেটা সিস্টেম বিভাগ, (২) অ্যাগ্রিটেক ও টেকসই খাদ্য ব্যবস্থা বিভাগ (৩) পারফর্মিং আর্টস, ক্রিয়েটিভ টেকনোলজি ও গ্লোবাল স্টাডিজ বিভাগ (৪) ডিজিটাল অর্থনীতি ও উদ্যোক্তা উন্নয়ন বিভাগ এবং (৫) টেকসই অর্থায়ন ও উন্নয়ন অর্থনীতি বিভাগ। নব-গঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম দ্রুত বাস্তবায়নে ইতোমধ্যে তিনি মন্ত্রীর সাথে যোগাযোগ করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কর্মকান্ড পূর্ণাঙ্গ সম্পন্নের জন্য জমি অধিগ্রহণ সম্পন্নসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত চালু করা অপরিহার্য।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168283