বগুড়া ধুনট থানায় গ্রেফতারকৃত আ‘ লীগ নেতার সমর্থকদের জয় বাংলা শ্লোগান

বগুড়া ধুনট থানায় গ্রেফতারকৃত আ‘ লীগ নেতার সমর্থকদের জয় বাংলা শ্লোগান

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে গ্রেফতারকৃত ১১ মামলার পলাতক আসামি কর্মকান্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা আব্দুল হাই খোকনকে (৫৯) থানা থেকে আদালতে নেওয়ার সময় তার কর্মী সমর্থকরা জয় বাংলা শ্লোগান দিয়েছে। আব্দুল হাই খোকন উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের হবিবর রহমানের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

আজ শনিবার (৯ মে)  দুপুর ১টায় আওয়ামী লীগ নেতাকে হাজত খানা থেকে গাড়িতে উঠানোর সময় ধুনট থানা চত্বরে এ ঘটনা ঘটে। হঠাৎ করে এই শ্লোগানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে থানা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দ্রুত ওই আসামিকে নিয়ে পুলিশের গাড়ি জেলা কারাগারের দিকে রওনা হয়। গতকাল শুক্রবার রাতে সাভারের আশুলিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, আব্দুল হাই খোকন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে এলাকার একাধিক বেকার যুবককে চাকরি দেওয়ার নামে প্রতারনার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

চাকরি বঞ্চিত বেকার যুবকেরা প্রতারনার অভিযোগে আব্দুল হাই খোকনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন। এরমধ্যে ৩টি মামলায় আদালত আব্দুল হাই খোকনের বিরুদ্ধে সাজার আদেশ দেন। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আব্দুল হাই খোকনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে বিভিন্ন থানায় ৯টি মামলা দায়ের হয়। ওই সময় থেকে তিনি পলাতক ছিলেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, তিনি সাজার আদেশ প্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168279