সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে ব্যবসায়ী-পর্যটকদের সংঘর্ষ
চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৮ পর্যটকসহ ১২ জন আহত হয়েছে।
আজ শনিবার (৯ মে) দুপুরের দিকে গুলিয়াখালি সমুদ্র সৈকতে দোলনাতে বসাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পর্যটকদের মধ্যে আহত হলেন- শেখ জাহিল আবরার (২১), তাজিম (২৪),মো. রাজু (২২), মো. ফজলে রাব্বি (২১), মোঃ রাদ (২১), সৈয়দ তাসফিকুল ইসলাম (২৫),মো. আলিফ (২১) ও মেহেদী হাসান (২২) প্রমুখ।
এদের মধ্যে একজন ময়মনসিংহ, একজন মানিকগঞ্জ এবং বাকিরা সবাই ঢাকা থেকে আসে।
পর্যটকরা ঢাকা বারিধারার নতুনপাড়া এলাকায় অবস্থিত ইউআইটিএস ইউনিভার্সিটির শিক্ষার্থী। আহতের মধ্যে রাব্বিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত স্থানীয় ও ব্যবসায়ীদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
গুলিয়াখালী সমুদ্র সৈকত কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, শনিবার দুপুরে গুলিয়াখালী সৈকত এলাকায় ঢাকা থেকে আসা কয়েকজন পর্যটক একটি দোলনাতে বসতে গিয়ে ছিঁড়ে ও ভেঙে ফেলে। এ সময় স্থানীয় দোকানদারদের সঙ্গে দোলনা ভেঙে ফেলার বিষয়ে পর্যটকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের ১২ জন আহত হয়।
আহত শিক্ষার্থী মাহীন বলেন, আমরা ১০ বন্ধু একসঙ্গে গুলিয়াখালী সমুদ্র সৈকতে এসেছি। কিন্তু আমাদের দুজন বন্ধুকে একা পেয়ে দোলনায় বসাকে কেন্দ্র করে স্থানীয় কিছু লোক অতর্কিত হামলা চালায়। পরে আমরা বিষয়টি মীমাংসা করতে আসলে আমাদের ওপরও হামলা চালানো হয়। এতে আমরা আটজন আহত হয়েছি। এছাড়াও আমাদের থেকে স্থানীয়রা মোবাইল ছিনিয়ে নেয়। পরে জাতীয় জরুরি সেবায় কল দিলে পুলিশ ঘটনার স্থলে আসার আগেই মোবাইলগুলো দিয়ে পালিয়ে যায় তারা।