হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের মেয়াদ বাড়লো ২০ মে পর্যন্ত
স্টাফ রিপোর্টার : সারা দেশে চলমান তৃতীয় পর্যায়ের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের মেয়াদ আগামী ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ শিশুকে টিকার আওতায় আনতে এবং কাঙ্ক্ষিত কভারেজ নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচি থেকে পাঠানো এক বার্তার বরাত দিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইনটি নির্ধারিত সময় অনুযায়ী আজ ১০ মে শেষ হওয়ার কথা থাকলেও অনেক শিশু টিকা থেকে বাদ পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে দুর্গম এলাকা, ভাসমান জনগোষ্ঠী এবং বাদ পড়া শিশুদের সংখ্যা বিশ্লেষণ করে পুনরায় তালিকা প্রস্তুত করা হয়েছে।
বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুদের হাম ও রুবেলা রোগ প্রতিরোধে এই টিকা অত্যন্ত কার্যকর। বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকার আওতায় আনতে বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌরসভা পর্যায়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্যকর্মীরা নিজ নিজ ব্যবস্থাপনায় বাদ পড়া শিশুদের তালিকা ধরে টিকাদান কার্যক্রম ২০ মে পর্যন্ত চালিয়ে যাবেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, হাম-রুবেলা একটি অত্যন্ত সংক্রামক রোগ। এর জটিলতা থেকে শিশুদের রক্ষা করতে নির্দিষ্ট বয়সের সকল শিশুর এই টিকা নেওয়া জরুরি। যারা গত কয়েক দিনে টিকা দিতে পারেনি, তাদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে যোগাযোগ করে এই সুযোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দেশে হঠাৎই হামের প্রাদুর্ভাব বেড়ে গেলে গত ৫ এপ্রিল থেকে প্রথম পর্যায়ে দেশের ১৮টি জেলার সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভায় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ শুরু হয়। পরবর্তীতে ১২ এপ্রিল থেকে দ্বিতীয় পর্যায়ে দেশের চারটি সিটি কর্পোরেশনে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। তৃতীয় পর্যায়ে অবশিষ্ট ৮টি সিটি কর্পোরেশন, সকল জেলা, উপজেলা এবং পৌরসভায় গত ২০ এপ্রিল থেকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168266