ঝিনাইদহে ধর্ষণ চেষ্টায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঝিনাইদহে ধর্ষণ চেষ্টায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঝিনাইদহ জেলার মহেশপুরে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মহেশপুর উপজেলা নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি।

আজ শনিবার (৯ মে) দুপুরে মহেশপুর উপজেলার খালিশপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আটক সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে পুলিশ জানিয়েছে, রাজনৈতিক পরিচয়ের সুবাদে গত ৫ মে সাজ্জাদুল ইসলাম খালিশপুর গোহাটার পাশে এক ভাড়া বাসায় একজনকে খুঁজতে যায়। সেখানে গিয়ে গৃহবধূর স্বামীকে না পেয়ে সাজ্জাদুল ইসলাম পানি খেতে চান। ওই সময় গৃহবধূ ফ্রিজ খুলে পানি আনতে গেলে অভিযুক্ত সাজ্জাদ গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা এসে সাজ্জাদুল ইসলামকে আটক করে। এক পর্যায়ে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে অর্থ প্রদানের চেষ্টা করেন তিনি।

পরে ওই ঘটনায় গৃহবধূর স্বামী সাজ্জাদুল ইসলামকে আসামি করে মহেশপুর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মহেশপুর থানার মামলা নং- ১৬/০৯-০৫-২০২৬।

এ বিষয়ে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ভিকটিম অভিযোগপত্রে উল্লেখ করেছেন, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ সোনালী ব্যাংকের দুই লাখ টাকার একটি চেক দিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি এলাকায় ব্যাপকভাবে জানাজানি হয়ে পড়ে। মামলা হওয়ার পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168259